জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬ এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে আয়োজিত এ শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সাঈদ আহমেদ আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ব্যক্ত করেন। এ সময় বিআইএফ নেতৃবৃন্দ বলেন, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্বে সাঈদ আহমেদ আসলামের নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের জনপ্রশাসন ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে বীমা খাতের উন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা এবং গ্রাহকস্বার্থ সুরক্ষায় তার অভিজ্ঞতা ও ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। শুভেচ্ছা বিনিময়কালে বীমা খাতের চলমান বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে দেশের বীমা শিল্পকে আরও শক্তিশালী, আধুনিক ও জনআস্থার জায়গায় নিয়ে যেতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বিআইএফের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গ্রাহকের আস্থা বৃদ্ধি, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি, সুশাসন প্রতিষ্ঠা এবং দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বীমা খাতের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করা জরুরি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান; বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী; সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল; নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন; ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক। শুভেচ্ছা গ্রহণকালে সাঈদ আহমেদ আসলাম বিআইএফের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বীমা শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিআইএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে সাঈদ আহমেদ আসলাম তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের প্রশাসনিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে দেশের বীমা শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রায় তার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: