দুর্যোগ ঝুঁকি বীমার আওতা বাড়াতে IDRA–JICA’র উদ্যোগ

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদনঃ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে দুর্যোগ ঝুঁকি বীমা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত আলোচনায় বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বীমাকে কার্যকর আর্থিক সুরক্ষা হিসেবে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় দুর্যোগপ্রবণ এলাকার সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও বাস্তবসম্মত বীমা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নিম্নআয়ের পরিবার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অধিক ঝুঁকিতে থাকা মানুষের আর্থিক ক্ষতি মোকাবিলায় এ ধরনের বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবিত দুর্যোগ ঝুঁকি বীমা চালু হলে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার নির্দিষ্ট শর্তের আওতায় বীমা সুবিধা পেতে পারে। এর ফলে দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুর্যোগের কারণে সৃষ্ট আকস্মিক আর্থিক চাপ কমাতেও এ উদ্যোগ সহায়ক হতে পারে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। প্রতিবছর বিভিন্ন দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি, কৃষি, ব্যবসা ও অন্যান্য সম্পদের ক্ষতির মুখে পড়েন। এ অবস্থায় প্রচলিত সরকারি সহায়তার পাশাপাশি বীমাভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হলে সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হতে পারে।

IDRA’র উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের বীমা খাতের আওতা সম্প্রসারণ করে সাধারণ মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দেওয়া। সরকারের জনগণের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্যোগ ঝুঁকি বীমার মতো নতুন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে সরকারের ‘Bangladesh First’ ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বীমা সুরক্ষা আরও বিস্তৃত করার কাজ করছে IDRA। বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বীমার আওতায় আনার মাধ্যমে তাদের জীবন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই হতে পারে এ উদ্যোগের অন্যতম বড় অর্জন।

IDRA ও JICA’র এই আলোচনা বাস্তবায়নের পর্যায়ে গেলে বাংলাদেশের বীমা খাতে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিক নীতিমালা, সহজ প্রিমিয়াম কাঠামো, দ্রুত দাবি নিষ্পত্তি এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুর্যোগ ঝুঁকি বীমা দেশের নিম্নআয়ের মানুষের জন্য কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থায় পরিণত হতে পারে।