দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ন্যাশনাল লাইফ: কাজিম উদ্দিন প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৪২ বছর ধরে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটির অর্জিত প্রিমিয়ামের অর্থ দেশের ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়। পাশাপাশি কর, ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি বাবদ সরকারকে বিপুল রাজস্ব দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এলাকার উদ্যোগে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন। বুধবার (১৯ আগস্ট) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের মোট ৭ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। পাশাপাশি প্রিমিয়াম সংগ্রহে সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সিইও মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন। একই সঙ্গে প্রিমিয়াম সংগ্রহে সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বৃহত্তর ঢাকাসহ চারটি এলাকার বিভিন্ন জোন থেকে প্রায় ৫ হাজার কর্মকর্তা সভায় অংশ নেন। সভাপতির বক্তব্যে সিইও মো. কাজিম উদ্দিন বলেন, বীমা শুধু ঝুঁকি মোকাবিলার একটি ব্যবস্থা নয়, এটি মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন মানুষ নিয়মিত সামান্য পরিমাণ অর্থ সঞ্চয়ের মাধ্যমে বীমার আওতায় এসে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন। বিশেষ করে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে বীমা পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, গ্রাহকের আস্থা ও বিশ্বাসই একটি বীমা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকসেবার মান উন্নয়ন, দ্রুত দাবি নিষ্পত্তি এবং স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। কাজিম উদ্দিন বলেন, বীমা খাত দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অর্থের জোগান দেওয়ার পাশাপাশি মানুষের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখে। ন্যাশনাল লাইফও দায়িত্বশীলভাবে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বন্ডসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে এ খাতের আরও বিকাশের সুযোগ রয়েছে। বীমার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের আরও আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা নিশ্চিত করা গেলে দেশের বীমা খাত আরও শক্তিশালী হবে। সিইও বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ধরে রেখে আধুনিক ও মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: