দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মাত্র ১০ দিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে । এই ঘোষণার মাধ্যমে ভালো মানের সোনার ভরি দেশের ইতিহাসে রেকর্ড গড়ল। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানোর হয়েছে। নতুন মূল্য নির্ধারণের ফলে সোমবার (৬ নভেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩২৫ টাকা। তবে এদিন সোনার দাম বাড়ানোর ঘোষণা এলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। SHARES অর্থনীতি বিষয়: