পাঁচ বছরে ৫ লাখ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : গত পাঁচ বছরে ৪ লাখ ৯৯ হাজার ৫০৭ জন গ্রাহকের বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। একই সময়ে কোম্পানিটি নতুন করে ১৫ লাখ ২৯ হাজার ৬৬৪ জন গ্রাহককে বীমা সুরক্ষার আওতায় এনেছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ অনুষ্ঠানে এসব তথ্য জানান কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। তিনি বলেন, গ্রাহকের আস্থাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে সেই আস্থা আরও সুদৃঢ় করার চেষ্টা করছি। গত পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ গ্রাহকের দাবি পরিশোধ এবং ১৫ লাখের বেশি নতুন গ্রাহককে অন্তর্ভুক্ত করা আমাদের প্রতি মানুষের বিশ্বাসেরই প্রতিফলন। মো. কাজিম উদ্দিন বলেন, জীবন বীমা কেবল একটি আর্থিক পণ্য নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা। অপ্রত্যাশিত পরিস্থিতিতে একটি বীমা পরিবারকে আর্থিক সংকট থেকে রক্ষা করতে পারে। তাই ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় জীবন বীমাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও দ্রুত ও স্বচ্ছভাবে সেবা দিতে কাজ করছি। দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে সুশাসন, স্বচ্ছতা এবং দ্রুত দাবি নিষ্পত্তির কোনো বিকল্প নেই। ন্যাশনাল লাইফ সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়নকর্মী, বীমা শিল্পের প্রতিনিধি এবং আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এছাড়া কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরাও উপস্থিত ছিলেন। ব্যবসা সম্প্রসারণে কর্মকর্তা ও উন্নয়নকর্মীদের উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাবি পরিশোধ, করপোরেট সুশাসন এবং বীমা শিল্পে অবদানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতির বিষয়ও তুলে ধরা হয়। এ সময় ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধান এবং সফল উন্নয়নকর্মীদের গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার দেওয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজন উন্নয়নকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: