“৭ম জাতীয় কমডেকা” উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ ‘হার্ডপয়েন্ট’ এলাকায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আগামী ১৯-২৫ ফেব্রুয়ারি ‘৭ম জাতীয় কমডেকা’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্কাউটস ভবনের শামস হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে একটি টেকসই সমাজ বিনির্মাণের লক্ষে এ কমডেকার থীম নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং।’ সময়োপযোগী কমডেকা লোগো ও সঙ্গীত নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের (১৭-২৫ বছর বয়সি ছেলে মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ করবে। এবারের কমডেকায় রোভার স্কাউটদের নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় পাঁচ হাজার জন স্কাউটার অংশগ্রহণ করবেন।

‘৭ম জাতীয় কমডেকা’ উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ কমডেকার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, স্কাউট সদস্যবৃন্দ দেশ ও জনগণের জরুরী প্রয়োজনে মানবতার সেবায় আত্মনিয়োগ করে সকল পর্যায়ে প্রশংসিত হয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ (৯ অক্টোবর ১৯৯৮- ১৮ জুলাই ২০২৪), নাফিজ, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম ও তাহির জামানসহ ৮ জন শহীদ স্কাউটের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারগণের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস গর্বিত।

৭ম জাতীয় কমডেকা ২০২৫ এর নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভার স্কাউটরা শান্তিতে নোবেল বিজয়ী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের “থ্রি জিরো” “শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বণ নিঃসরণ” তত্ত্বকে প্রচার, প্রসার ও বাস্তবায়নে উদ্দীপ্ত হবে।

উল্লেখ্য যে, ড. মুহাম্মদ ইউনূস ছাত্রজীবনে একজন সক্রিয় স্কাউট ছিলেন। এছাড়া তিনি স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

নতুন ধ্যান-ধারণা সংযোজন করে আকর্ষণীয় অনুষ্ঠান যথাযথ বাস্তবায়নে ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটি এবং ১২টি উপ-কমিটি কমডেকার কর্মকান্ডকে গতিশীল এবং আকর্ষণীয় করতে সদা চেষ্টা করে যাচ্ছে। এ কাজে এলাকাবাসীসহ সরকারি-বেসকারি পর্যায়ের সকলেই সহযোগিতা করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সম্মানিত আহবায়ক ও সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহসানুল হক, এডহক কমিটির সম্মানিত সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, জনাব ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মুঃ তৌহিদুল ইসলাম, মো: রেজাইল করিম, মোঃ শামসুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনার স্কাউট এক্সিকিউটিভগণ। সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক মোঃ হামজার রহমান শামীম।