বিমা দাবি আটকে আছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতে ৪ হাজার ৪২২ কোটি ৫৮ লাখ টাকার বেশি বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে জীবনবিমায় অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং সাধারণ বিমায় ১ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকা। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০২৩ সালের সেপ্টেম্বরের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। আইডিআরএ’র প্রতিবেদনে অনুসারে, ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৫৫ লাখ টাকা। নতুন অর্থবছরের শুরুতে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ২ হাজার ২৭৯ কোটি ৬৬ লাখ টাকার বিমা দাবি উত্থাপন করা হয়েছে। সে হিসাবে মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৬ হাজার ৮০৯ কোটি ২১ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট ২ হাজার ৩৮৬ কোটি ৬৩ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জীবনবিমা খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং সাধারণ বিমা খাতে পরিশোধ করা হয়েছে ৩৩২ কোটি ৪৩ লাখ টাকা। আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিমা দাবি নিষ্পত্তির হার বেশ ভালো। এই সময়ে যে হারে বিমা দাবি নিষ্পত্তি হয়েছে, সেটা আগে কখনো হয়নি। SHARES অর্থনীতি বিষয়: