স্বদেশ ইসলামী লাইফের নিবন্ধন স্থগিত করেছে নিয়ন্ত্রণ কতৃপক্ষ – আইডিআরএ।

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর এবার নিবন্ধন স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ (১২ ফেব্রুয়ারি) বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এক প্রজ্ঞাপনে (স্মারক-৫৩.০৩.০০০০.০৭১.২৭.০০১.২২.১১৫) এ কথা জানানো হয়। তিন মাসের স্থগিতাদেশ সংক্রান্ত চিঠিটি স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মোল্লা ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) বরাবর পাঠানো হয়েছে বলে আইডিআরএ’র বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়, কোম্পানিটির পরিশোধিত মূলধনের অর্থ বীমা আইন অনুযায়ী তফশিলী ব্যাংকে জমা রাখার বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। বরং পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানি এনআরবিসি ব্যাংকে রক্ষিত স্থায়ী আমানতে তা লিয়েনে রেখে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করা হয়। যা কিনা অর্থ আত্মসাতের সামিল। বিষয়টি উল্লেখ করে ৩০ দিনের সময় দিয়ে আইডিআরএ থেকে রেজিষ্ট্রি ডাক এবং ই মেইলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ৪ জানুয়ারি ছিল শেষ সময় সীমা। চেয়ারম্যানসহ পরিচালকদের কাছ থেকে এর কোন জবাব না পাওয়ায় পরের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা আইন ২০১০ এর ৫০(১) (খ) ধারায় স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যানসহ ১২ জন পরিচালককে তাদের পদ থেকে অপসারণ করে। এরা হলেন মাকসুদুর রহমান, নূরুল আলম চৌধুরী, মো. বাহারুল আহসান, মো. মারজানুর রহমান, ফারাহ আহসান, এ বি এম আবদুল মান্নান, শামসুন নাহার রহমান, মো. ফিরোজুল আহসান, মো. কামরুল আহসান, মোহাম্মদ মনজুরুল ইসলাম ও মদিনাতুন নাহার।  জানুয়ারি মাসে বাংক বীমা অর্থ নিউজ অনলাইনে এ ব্যাপারে বিস্তারিত কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অপর একটি সূত্র প্রতিবেদককে জানায়, রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের স্বদেশ টাওয়ারে কোম্পানির প্রধান কার্যালয়ে কার্যক্রম প্রায় বন্ধ। কোম্পানি থেকে অনিয়ম ও দুর্নীতির দায়ে সম্প্রতি অপসারিত মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহীনকে দেয়া অর্থ এবং স্থায়ী আমানতে রাখা টাকা আদায়ের জন্য গ্রাহকরা স্বদেশ টাওয়ারে অবস্থিত স্বদেশ ইসলামী লাইফ অফিসে ধর্ণা দিচ্ছেন অনেক গ্রাহক। অপসারিত একজন পরিচালক এই ইমারতের মালিক। ১৪ মাস বিদ্যুৎ, পানি এবং অফিস ভাড়া বাকির অজুহাতেস্বদেশ টাওয়ারে অবস্থিত স্বদেশ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন। এ অবস্থায় তারা অফিস করতে পারছেন না।