বিআইএ থেকে অবসান হচ্ছে পাভেল যুগের

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) থেকে নাসির উদ্দিন আহমেদ পাভেল যুগের অবসান ঘটতে যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনটির প্রথম ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। স্বাস্থ্যগত কারণে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সম্প্রতি পদত্যাগ করায় পাভেলকে অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেখ কবির প্রেসিডেন্ট থাকলেও সংগঠন পরিচালনা করতেন পাভেল।

বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে পাভেল প্রার্থী হবেন এমন গুঞ্জন ছিলো। তবে ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার (১ জানুয়ারি) ভোটার হওয়ার শেষ দিনেও ভোটার হননি পাভেল।

বিআইএ’র নির্বাচনী বোর্ডের সেক্রটারি মো. ওমর ফারুক, এনডিসি প্রতিনিধিকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

মুঠোফোনে তিনি বলেন, নাসির উদ্দিন আহমেদ পাভেল নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকায় নিজেকে অন্তর্ভূক্ত করেননি।

আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বিআইএ’র একজন সদস্য বলেন, পাভেল ভোটার না হওয়া নির্বাচনও করতে পারবেন না।

নাসির উদ্দিন আহমেদ পাভেল বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২২ ও ২০২৩-২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান।

কোনো কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) মধ্যে যেকোনো একজন বিআইএ’র ভোটার হতে পারেন। সূত্র জানিয়েছে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স থেকে ভোটার হয়েছেন কোম্পানি দুটির এমডি।

ভোটার না হওয়ার বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন আহমেদ পাভেল আজ কোনো মন্তব্য করতে চাননি। হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল কথা বলবেন।

তবে সংবাদ প্রকাশের দেড় ঘণ্টা পর হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে ভোটার না হওয়ার কারণ জানিয়ে একটি বক্তব্য দিয়েছেন।

বক্তব্যে তিনি বলেন, বিআইএ’র বিগত মেয়াদগুলোতে আমি নির্বাহী কমিটির সদস্য (নন লাইফ) ও প্রথম ভাইস প্রেসিডেন্ট (লাইফ) হিসেবে এসোসিয়েশনের জন্য কাজ করেছি। এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমার সামনে দুটি কাজ গুরুত্বপূর্ণ। আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন। সে পর্যন্ত বীমা খাতের অগ্রগতির জন্য বিআইএ’র কার্যক্রম দায়িত্বশীলতার সাথে পালন করা এবং ২৪ ফেব্রুয়ারি নতুন প্রেসিডেন্টের নিকট দায়িত্ব হস্তান্তর করা।

তিনি আরও বলেন, আমি ২০২৫ -২০২৬ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণ করবো না সেটা দেড় বছর আগেই একটি সভায় জানিয়েছিলাম। কারণ আগামী দুই বছর নিজের প্রতিষ্ঠানে সময় দেব। সম্মানিত ভোটারগণ নিজেদের মধ্যে থেকে সুন্দরভাবে পরবর্তী যোগ্য নির্বাহী কমিটি খুঁজে নেবে বলে আমি নিশ্চিত। তাই আমি ভোটার হিসেবে নয়, একজন সহযোগী হিসেবে নির্বাচন বোর্ডকে সহযোগিতা করা শ্রেয় মনে করছি। তবে আমার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে আমি পরবর্তী নির্বাহী কমিটিকে সহযোগিতা করবো।

বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য নমিনেশন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে আগামী ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। গত ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়।

বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪-এর মেয়াদ আগামী ৮ এপ্রিল শেষ হবে।