কর্মীর অকালমৃত্যুতে ৪ লাখ টাকার মৃত্যু তাকাফুল চেক দিল বেঙ্গল ইসলামি লাইফ প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এলিগ্যান্ট প্রকল্পের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) নাসির জমাদারের অকালমৃত্যুতে তাঁর মনোনীত ব্যক্তি মিসেস মোর্শেদা বেগমের হাতে ৪ লাখ টাকার মৃত্যু তাকাফুল দাবির চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আমিন হেলালী আনুষ্ঠানিকভাবে দাবির চেকটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিশেষ অতিথি এম. এম. মনিরুল আলম, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দীন, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, উপ-প্রকল্প প্রধান মো. সুলতান হোসেন খান, সহকারী প্রকল্প প্রধান এ এস এম সুহার্তসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলিগ্যান্ট প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তারা। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আমিন হেলালী বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক ও কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কর্মীবান্ধব এ প্রতিষ্ঠান যথাসময়ে গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে সচেষ্ট। তিনি বলেন, শরিয়াহভিত্তিক ও আধুনিক ডিজিটাল সেবার সমন্বয়ের মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মী ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামি লাইফের সব উন্নয়ন কর্মকর্তা ও কর্মীর জন্য গ্রুপ লাইফ ও স্বাস্থ্য তাকাফুল সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কোনো কর্মী মৃত্যুবরণ করলে তাঁর পরিবার সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত মৃত্যু সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, কর্মীসহ তাঁদের পরিবারের কোনো সদস্য হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হলে স্বাস্থ্য তাকাফুল পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশে কর্মী ও তাঁদের পরিবারের জন্য এ ধরনের সমন্বিত তাকাফুল সুবিধা চালুর ক্ষেত্রে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স অগ্রণী ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা শুধু আর্থিক সুরক্ষার মাধ্যম নয়; সংকটের সময়ে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সহায়তাও করে। কর্মীদের জন্য গ্রুপ লাইফ ও স্বাস্থ্য তাকাফুল সুবিধা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে। চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রয়াত বিএম নাসির জমাদারের পরিবারের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও কর্মীবান্ধব নীতির প্রতিফলন ঘটেছে বলে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা উল্লেখ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: