বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বীমাদাবির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে বা সমন্বয় করে অবশিষ্ট টাকা বীমাগ্রহীতা বা নমিনিকে দেওয়া যাবে না। একই সঙ্গে বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি কেনার শর্তও আরোপ করা যাবে না। জীবন বীমাকারীদের এ নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র লাইফ অনুবিভাগের একচ্যুরিয়াল শাখা থেকে গত বৃহস্পতিবার সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সার্কুলারটি অনতিবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে স্বাক্ষর করেছেন আইডিআরএ’র পরিচালক রকিবুর রহমান খান। সার্কুলারে বলা হয়, কিছুসংখ্যক লাইফ বীমাকারী বীমাগ্রহীতাগণের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যু দাবি ও প্রতর্পণ সুবিধা (Survival Benefit) প্রদানের ক্ষেত্রে একই বীমাকারীর নতুন পলিসি ক্রয় করার শর্ত আরোপ করছে বা এরূপ করতে বাধ্য করছে। কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কেটে বা সমন্বয় করে অবশিষ্ট অর্থ বীমাগ্রহীতা বা নমিনিকে দেওয়া হচ্ছে।

আইডিআরএ জানিয়েছে, বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ বীমাগ্রহীতা বা নমিনিকে ৯০ (নব্বই) দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। বীমাগ্রহীতাকে বীমাদাবি প্রদানের ক্ষেত্রে নতুন কোনো পলিসি ক্রয় বা নতুন পলিসির প্রিমিয়াম বীমাদাবির প্রাপ্য অর্থের সঙ্গে সমন্বয় করার মাধ্যমে গ্রহণের কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম আইনের লঙ্ঘন, বীমাগ্রাহকের অসন্তুষ্টি সৃষ্টি ও স্বার্থহানি করছে এবং তা বীমা শিল্পের ক্ষতিসাধন করছে।

সার্কুলারে বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে বীমাকারীদের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোনো বীমাদাবি প্রদানকালে প্রাপ্য সমুদয় অর্থ বীমাগ্রহীতা বা নমিনির অনুকূলে ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ছাড়া অন্য কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না।

মেয়াদোত্তীর্ণ বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি ইস্যুর ওপর সময়ভিত্তিক নিষেধাজ্ঞাও দিয়েছে আইডিআরএ। সার্কুলার অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন মোতাবেক ৯০ (নব্বই) দিনের পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরিশোধ করা হলে, পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।

আর মেয়াদোত্তীর্ণ বীমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময়ের পরে পরিশোধ করা হলে, পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না। তবে মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন মোতাবেক ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন পলিসি ইস্যু করতে কোনো বাধা থাকবে না।