বীমা কোম্পানির সিএফও হতে লাগবে ৭ যোগ্যতা প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বীমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগে নির্দিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ পদে নিয়োগের আগে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে কর্তৃপক্ষের পুনঃঅনুমোদন নিতে হবে। পাশাপাশি বর্তমানে দায়িত্বে থাকা প্রধান আর্থিক কর্মকর্তাদেরও নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। বুধবার (২৮ অক্টোবর) জারি করা আইডিআরএর জিএডি সার্কুলার নম্বর-২১/২০২৬-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, বীমাকারীর আর্থিক সুশাসন নিশ্চিত করতে যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা অপরিহার্য। যেসব বীমাকারী যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ করছে না, তাদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫৬(গ) অনুযায়ী বীমা শিল্পের উন্নয়নে সম্পৃক্ত ও প্রাসঙ্গিক কার্যাবলি সম্পাদনের দায়িত্ব কর্তৃপক্ষের ওপর অর্পিত রয়েছে। কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যোগ্যতাসম্পন্ন প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রধান আর্থিক কর্মকর্তা হতে হলে নিচের সাতটির যেকোনো একটি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে— ১. বাংলাদেশের চার্টার্ড হিসাববিদদের ইনস্টিটিউটের (আইসিএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে; ২. ইংল্যান্ড ও ওয়েলসের চার্টার্ড হিসাববিদদের ইনস্টিটিউটের ফেলো বা সহযোগী সদস্য হতে হবে; ৩. যুক্তরাষ্ট্র বা কানাডার সনদপ্রাপ্ত জন হিসাববিদ হিসেবে সনদধারী হতে হবে; ৪. যুক্তরাজ্যের সনদপ্রাপ্ত হিসাববিদদের সমিতির (এসিসিএ) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে; ৫. বাংলাদেশের কস্ট ও ম্যানেজমেন্ট হিসাববিদদের ইনস্টিটিউটের (আইসিএমএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে; ৬. যুক্তরাষ্ট্রের চার্টার্ড আর্থিক বিশ্লেষক (সিএফএ) হিসেবে সনদধারী হতে হবে; ৭. বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে পেশাগত যোগ্যতার সনদধারী হতে হবে। তবে সেই সনদ বাংলাদেশের চার্টার্ড হিসাববিদদের ইনস্টিটিউট (আইসিএবি) অথবা বাংলাদেশের কস্ট ও ম্যানেজমেন্ট হিসাববিদদের ইনস্টিটিউট (আইসিএমএবি) কর্তৃক স্বীকৃত হতে হবে। সার্কুলার জারির পর থেকে সব বীমাকারীকে প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের আগে নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাসম্পন্ন বিবেচিত ব্যক্তির বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে পুনঃঅনুমোদনের জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ কার্যকর হবে। বর্তমানে দায়িত্ব পালনরত প্রধান আর্থিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য হবে। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকলে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিস্তারিত যোগ্যতাসহ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করতে হবে। তবে কোনো বীমাকারীর বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তার নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা না থাকলে, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। সার্কুলারে বলা হয়েছে, জনস্বার্থে এটি জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: