আইডিআরএ’র উদ্যোগে কাল আরও ৫৯৭২ গ্রাহক পাবেন ২০.১৫ কোটি টাকার বীমা দাবি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র বিশেষ উদ্যোগে চতুর্থ ধাপে ৫ হাজার ৯৭২ গ্রাহকের ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকার বীমা দাবি পরিশোধ করা হবে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এসব বীমা দাবি পরিশোধ করা হচ্ছে। এর আগে আইডিআরএ’র উদ্যোগে তিন দফায় ১৬,০৫৮ জন গ্রাহকের ৬৪ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা  সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৭৪ জন গ্রাহকের ৮ কোটি ৩৭ লাখ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন গ্রাহকের অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন গ্রাহকের ৫ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন গ্রাহকের ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ গ্রাহকের অনুকূলে ৭ লাখ টাকা পরিশোধ করা হবে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই বিশেষ পাওনা পরিশোধ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।