ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ২ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও গঠনতন্ত্রে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে এই মূলধন সম্প্রসারণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন এবং পরবর্তীতে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, বর্তমানে ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা।