চতুর্থ ধাপে ৫ প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ গ্রাহক পাচ্ছেন ২০ কোটি টাকা প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বীমা খাতে দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা দাবির অর্থ পরিশোধের উদ্যোগের চতুর্থ ধাপে আগামীকাল রোববার ৫টি প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা দেওয়া হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে এ অর্থ পরিশোধ করা হবে। আইডিআরএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চতুর্থ ধাপে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৭৪ জন পলিসিধারী। তাঁদের দেওয়া হবে ৮ কোটি ৩৭ লাখ টাকা। এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন পলিসিধারী পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন পাবেন ৫ কোটি টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। আর বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা। আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের বৈধ দাবি নিষ্পত্তি, তাঁদের পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ৫ হাজার ৮৬৮ জনকে দেওয়া হয় ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা। আর ৪ অক্টোবর তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন গ্রাহক পান ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা। আগের তিন ধাপে মোট ১৬ হাজার ৫৮ জন গ্রাহককে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। চতুর্থ ধাপের অর্থ বিতরণ সম্পন্ন হলে চার ধাপে মোট ২২ হাজার ৩০ জন পলিসিধারী ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকা পাবেন। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আইডিআরএ। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: