কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা : ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ৬ মাসের অধিক সময় শূন্য থাকায় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। একইসঙ্গে কোম্পানিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের ১ জুলাই থেকে এ পযর্ন্ত এই কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদটি শূন্য রয়েছে। বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা অনুযায়ি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
জরিমানার টাকা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুকুলে পে-অর্ডারের মাধ্যমে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৯ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।
আইডিআরএ বলেছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লংঘন করেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক অর্থ জরিমানাসহ ৩টি নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনা সমূহ হচ্ছে, ২০২৪ সালের ১ জুলাই হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা, পরবর্তী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ, ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে ব্যর্থ হলে কোম্পানিকে আরও ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।