নিবন্ধন নবায়ন ফি নিয়ে জটিলতার সমাধান, ১০০০ টাকা করে নিবন্ধন ফি নির্ধারণ প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বর্ধিত হারে ফি আদায়ের পরিবর্তে আবেদন দাখিলের সময় কার্যকর থাকা বিধান অনুযায়ী ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তুতি শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালায় আরও একটি সংশোধনী এনে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সংশোধনী কার্যকর হলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে বর্ধিত হারে নয়, বরং পূর্ববর্তী বিধান অনুযায়ী গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা হারে নিবন্ধন নবায়ন ফি পরিশোধের সুযোগ দেওয়া হবে। গত ২৫ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে আইডিআরএ উল্লেখ করে, ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য অধিকাংশ বীমা কোম্পানি ২০২৫ সালের ৩০ নভেম্বরের আগেই আবেদন জমা দিয়েছে। আবেদন দাখিলের সময় বীমা আইন, ২০১০-এর ধারা ১১(২) এবং তখন কার্যকর বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা অনুযায়ী নিবন্ধন নবায়ন ফি ছিল গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা। তাই আবেদন গ্রহণের সময় কার্যকর বিধান অনুযায়ীই নিবন্ধন নবায়ন করা আইনগত ও প্রশাসনিকভাবে যৌক্তিক বলে মত দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। চিঠিতে আরও বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান, আইডিআরএর সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আবেদন দাখিলের সময় বলবৎ থাকা বিধান অনুযায়ী নিবন্ধন সনদ নবায়ন করাই ন্যায়সঙ্গত এবং আইনসম্মত হবে। এর আগে গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ (সর্বশেষ সংশোধিত ২০২৬)-এর বিধি ৩(২) অনুযায়ী সর্বশেষ সরকারি গেজেটে নির্ধারিত হার ও সময়সীমা অনুসারে নিবন্ধন ফি আদায়ের জন্য আইডিআরএকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। ওই নির্দেশনার পর বীমা কোম্পানিগুলোর কাছ থেকে বর্ধিত হারে নিবন্ধন ফি আদায়ের আশঙ্কা তৈরি হয় এবং পুরো বীমা খাতে উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে আইডিআরএর নতুন চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়, আবেদন দাখিলের পর কোনো বিধিমালার সংশোধন হলে তা আগে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। কারণ, আইন ও প্রশাসনিক ন্যায়বিচারের নীতিমতে আবেদনকারীরা আবেদন দাখিলের সময় কার্যকর বিধানের ভিত্তিতেই তাদের আর্থিক দায় নির্ধারণ করে থাকে। এ প্রেক্ষাপটে আইডিআরএ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৩ জুনের নির্দেশনা পুনর্বিবেচনা করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, সরকারের নতুন প্রজ্ঞাপন জারি হলে নিবন্ধন নবায়ন ফি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার অবসান ঘটবে এবং বীমা কোম্পানিগুলো স্বস্তি পাবে। একই সঙ্গে নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে আইডিআরএর আইনসম্মত ও বাস্তবমুখী অবস্থান বীমা খাতে আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: