চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ আলী আহসান রবি : ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬: বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা এই কার্যালয় চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সহায়তা পাবেন। চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনাটি চলতি বছরের মার্চ মাসে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ ছিল। চীনের কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে ইনভেস্ট বাংলাদেশ পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, “আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে আমরা প্রথম বিদেশি কার্যালয়ের জন্য এই শহরকে বেছে নিয়েছি। চীন ও বাংলাদেশ—উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের আমরা এই কার্যালয়ে যুক্ত করেছি। তারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তবে বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।” গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন মে ঝৌ (May Zhou), চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং ইয়াং ওয়েনচুয়াং (Yang Wenchuang), রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট। চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতায় ইয়াং ওয়েনচুয়াংয়েরও ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। চীনের একজন আইনজীবী হিসেবেও তার যোগ্যতা রয়েছে। বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় তার অভিজ্ঞতা রয়েছে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। গুয়াংজু কার্যালয় এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে ওই বছর ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে গুয়াংজু কার্যালয়। গুয়াংজু প্রতিনিধি কার্যালয় ঠিকানা: ইউনিট ২৪০৭, জিয়ানহে সেন্টার, ১১১–১১৩ তিয়ু ওয়েস্ট রোড, তিয়ানহে জেলা, গুয়াংজু, গুয়াংডং প্রদেশ, চীন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: