বিকাশের ৭ হাজার ৯০০ সন্দেহজনক হিসাব, ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের ৭ হাজার ৯০০টি সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্ট এখনো সচল এবং সেগুলোতে নিয়মিত লেনদেন হচ্ছে। কোনো কোনো অ্যাকাউন্টে গ্রাহকের বয়স দেখানো হয়েছে ১ হাজার ৮০০ বছরের বেশি। গ্রাহকের প্রকৃত পরিচয় ও হিসাবের মালিকানা নিশ্চিত করতে না পারায় বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জবাব সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিদর্শনে এসব সন্দেহজনক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। পরিদর্শনে দেখা গেছে, কিছু অ্যাকাউন্টে গ্রাহকের বয়স ১০০ থেকে ১ হাজার ৮০০ বছরের বেশি দেখানো হয়েছে। অথচ এসব অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন হচ্ছে। এতে হিসাবধারীদের প্রকৃত পরিচয় ও মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব অ্যাকাউন্টের গ্রাহকের কেওয়াইসি (গ্রাহক পরিচিতি যাচাই) নথির যথার্থতা নিশ্চিত হয়নি। এতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশনা এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-এর বিধান লঙ্ঘিত হয়েছে। এ ঘটনায় পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৩৭(৫) ধারায় সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। একই আইনের ৪১(১) ধারার আওতায় কেন বিকাশের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে না, সে বিষয়ে গত ৩ নভেম্বর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিধিমালা অনুযায়ী, এমএফএস হিসাব খোলার সময় গ্রাহকের পরিচয়, কেওয়াইসি নথি ও কাস্টমার ডিউ ডিলিজেন্স (সিডিডি) নিশ্চিত করার দায়িত্ব সেবাদানকারী প্রতিষ্ঠানের। বিএফআইইউর সার্কুলার নং ২৫/২০২০-এর মাধ্যমে জারি করা ই-কেওয়াইসি নির্দেশিকার ৫.২ অনুচ্ছেদেও গ্রাহকের তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়েছে। অন্যদিকে জুয়া আইনের ১৩ ও ২৪ ধারায় ভুয়া সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট কিংবা অন্যের পরিচয় ব্যবহার করে জুয়া ও বেটিং পরিচালনার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তবে বিকাশের শনাক্ত হওয়া সন্দেহজনক অ্যাকাউন্টগুলো জুয়া বা বেটিংয়ে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম অবশ্য দাবি করেছেন, শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলো ভুয়া নয়। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে যথাযথ কাস্টমার ডিউ ডিলিজেন্স প্রক্রিয়ায় ই-কেওয়াইসি ও কাগজভিত্তিক কেওয়াইসির মাধ্যমে বিকাশের সব অ্যাকাউন্ট খোলা হয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ডেটাবেসে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়। ডালিম বলেন, ই-কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সময় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তি ব্যবহার করে এনআইডিতে থাকা তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়। ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হয়। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ শুধু গ্রাহকের রয়েছে। তিনি আরও বলেন, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশের ক্ষেত্রে সংশ্লিষ্ট এনআইডিতে জন্মতারিখ ভুল রয়েছে। এসব গ্রাহককে ইসির ডেটাবেসে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানাতে বলা হয়েছে, যাতে তাঁদের কেওয়াইসি তথ্য হালনাগাদ করা যায়। এ ছাড়া কাগজভিত্তিক কেওয়াইসি ফরমের তথ্য হাতে এন্ট্রি করার সময় কিছু জন্মসাল ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতিমধ্যে সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। আলোচিত সব অ্যাকাউন্টকে বর্ধিত গ্রাহক যাচাই (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে দাবি করেন ডালিম। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিকাশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি কী জবাব দেয়, তা পর্যালোচনা করা হবে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: