ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ৯৬৫ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৩ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) ঘোষণা করেছে ব্যাংকটি।

ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার( ২৯ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাছাড়া সভায় ব্যাংকটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সায়।

আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও শক্তিশালী অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। ২০২৫ সালে ব্যাংকটির ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ১৭ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে, ২০২৪ সালে যা ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭২ পয়সায়।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৬ কোটি ৬৭ লাখ ১ হাজার ১৩৯। এর ৮৩ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ার সর্বশেষ ৪৩ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৬ টাকা ১০ থেকে ৪৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।