পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ দাবিতে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। সভা শেষে বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।তবে মালিকপক্ষ এখনো নতুন মজুরি কাঠামো নিয়ে কোনো লিখিত প্রস্তাব দেয়নি। সোমবার সভা শেষে ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।