ট্রাস্ট ইসলামী লাইফের ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং বীমা গ্রাহকদের প্রতি হাজারে মোট ৬২ টাকা পলিসি বোনাস অনুমোদন করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন এবং অ্যাকচুয়ারির সুপারিশের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও পলিসি গ্রাহকদের বোনাস অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত পলিসি বোনাসের মধ্যে প্রতি হাজারে ৩৭ টাকা রিভারশনারি বোনাস এবং ২৫ টাকা টার্মিনাল বোনাস অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ গ্রাহকরা প্রতি হাজারে সর্বমোট ৬২ টাকা বোনাস পাবেন।

এদিকে, সভায় কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে এজিএম অনুষ্ঠিত হবে।