বাংলাদেশে জীবন বীমা ও হাসপাতাল কিনতে চায় শ্রীলঙ্কার সফটলজিক প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সেবাখাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কার শীর্ষ ব্যবসায়িক গ্রুপ সফটলজিক। প্রতিষ্ঠানটি দেশের একটি জীবন বীমা কোম্পানি এবং একটি হাসপাতাল অধিগ্রহণের পরিকল্পনা করছে। একই সঙ্গে দেশের অন্যতম সুপারশপ চেইন ‘আগোরা’ কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে গ্রুপটি। সোমবার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সফটলজিক গ্রুপের চেয়ারম্যান অশোক পাতিরাজ এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের একটি জীবন বীমা কোম্পানি অধিগ্রহণে তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এ সংক্রান্ত প্রায় সব আনুষ্ঠানিকতাও শেষ পর্যায়ে রয়েছে। তবে বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হওয়ায় এখনই কোম্পানির নাম প্রকাশ করতে চান না তিনি। আগামী দুই মাসের মধ্যে বিষয়টি প্রকাশ্যে আসতে পারে বলে জানান অশোক পাতিরাজ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতেও বড় সম্ভাবনা দেখছে সফটলজিক। গ্রুপটির স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আসিরি হেলথ’-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দিতে চায় তারা। অশোক পাতিরাজের দাবি, শ্রীলঙ্কার বেসরকারি হাসপাতাল খাতে আসিরি হেলথ অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বড় জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা ভোক্তা শ্রেণি এবং বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বাজার। তার ভাষ্য, চিকিৎসাসেবার জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার বিদেশে ব্যয় হয়। ফলে এ খাতে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার বড় সুযোগ রয়েছে। সেই চাহিদা মাথায় রেখে তুলনামূলক কম খরচে এবং স্বল্প দূরত্বে উন্নত চিকিৎসাসেবা দিতে চায় আসিরি হেলথ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্মত চিকিৎসা প্রটোকল, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বিশ্বমানের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশের রোগীদের চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাদের। অশোক পাতিরাজ বলেন, শ্রীলঙ্কা বাংলাদেশের কাছাকাছি হওয়ায় যাতায়াতে সময় ও খরচ দুটিই কম লাগে। ফলে দীর্ঘ দূরত্বের চিকিৎসা ভ্রমণের জটিলতা ছাড়াই বাংলাদেশিরা সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: