ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ফারজানা ফারাবী : দেশের ব্যাংক খাতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা ও এসব হিসাবে জমা অর্থের পরিমাণ দুটিই বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। একই সময়ে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। তবে এই সময়ে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাবে আমানতের পরিমাণ কমেছে। বিপরীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বেড়েছে। ফলে সামগ্রিকভাবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে অর্থের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মার্চ শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। একই সময়ে এসব হিসাবে থাকা আমানতের পরিমাণও বেড়েছে। মার্চ শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে মোট জমা ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে হয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা। কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও ব্যক্তি শ্রেণির হিসাবে আমানতের পরিমাণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন ব্যক্তি শ্রেণির হিসাবের সংখ্যা ছিল ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা। মার্চ শেষে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ছিল ৪০ হাজার ৬৩০টি। তখন এসব হিসাবে জমা ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব বেড়েছে ৭১টি। তবে এসব হিসাবে আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা। ব্যাংকের কোটিপতি হিসাবের মধ্যে ব্যক্তি ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব রয়েছে। ফলে কোটিপতি হিসাবের সংখ্যা ও আমানতের পরিমাণ বাড়ার পুরোটা ব্যক্তির সম্পদ বৃদ্ধির চিত্র নয়। ব্যাংকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে অনিশ্চয়তার কারণে অনেক প্রতিষ্ঠানের হাতে থাকা অর্থ ব্যাংকে জমা থাকতে পারে। উচ্চ সুদহার, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং নতুন বিনিয়োগের ধীরগতিও এতে ভূমিকা রাখতে পারে। নতুন শিল্পকারখানা স্থাপন বা ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের পরিবর্তে কিছু প্রতিষ্ঠান তাদের চলতি মূলধন ও সাময়িকভাবে অব্যবহৃত অর্থ ব্যাংকে রাখছে। এর ফলে প্রাতিষ্ঠানিক হিসাবগুলোতে আমানত বাড়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের সক্ষমতা কমে যাওয়ারও প্রভাব থাকতে পারে। ফলে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাবে আমানত কমলেও প্রাতিষ্ঠানিক হিসাবে আমানত বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে জমার পরিমাণ বেড়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: