মূলধন পাঁচ গুণ বাড়াচ্ছে ইসলামী ব্যাংক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : মূলধন ঘাটতি কমাতে অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৪ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা। তবে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে আরজেএসসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম বলেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকটির বড় ধরনের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। নতুন করে মূলধন যুক্ত হলে এ ঘাটতি কমবে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা হলে সাবস্ক্রাইবড ক্যাপিটাল কমপক্ষে ৫ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন অন্তত ২ হাজার ৫০০ কোটি টাকা হতে হবে। বর্তমান বাজার পরিস্থিতিতে আইপিও বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ কঠিন। এ ক্ষেত্রে সরকারি মূলধন সহায়তা অথবা রাইট শেয়ার ইস্যুর সম্ভাবনা রয়েছে। ব্যাংকটির এক কর্মকর্তার দাবি, বর্তমানে পরিশোধিত মূলধনের প্রায় ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের নামে-বেনামে রয়েছে, যা আদালতের নির্দেশে জব্দ। নতুন শেয়ার ইস্যু হলে মোট শেয়ারের তুলনায় গ্রুপটির মালিকানার অনুপাত কমে আসতে পারে। এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংক ৩ হাজার ৩০৩ কোটি টাকা নিট লোকসান করেছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপি হয়েছে। একই সময়ে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান ও ছায়া কোম্পানির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঋণের বড় অংশ খেলাপিতে পরিণত হয়েছে। বর্তমানে ব্যাংকটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংক। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: