রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক, নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংক এবং মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মো. মাহবুব আলম এর আগে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নূর মোহাম্মদ যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা বর্তমানে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত রয়েছেন। ফলে জনতা ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বেসিক ব্যাংকের এমডি পদে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ পেলেন। প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগের ফলে জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: