৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ টানতে ইউএস ট্রেড শো প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)। এ লক্ষ্য সামনে রেখে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ বাড়াতে আয়োজন করা হচ্ছে ইউএস ট্রেড শোর ৩০তম আসর। আড়াই বছর বিরতির পর আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের ৩৬টি কোম্পানি ও সাতটি স্টার্টআপসহ মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা ও প্রযুক্তি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। সোমবার (২ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য ঘোষণা করেছে চেম্বার। এ লক্ষ্য অর্জনে ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রদর্শনীর মাধ্যমে ১০ থেকে ১২টি নতুন মার্কিন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা সম্ভব হলেও তা বড় অর্জন হবে। আয়োজকদের তথ্যমতে, এবারের প্রদর্শনীতে ৬৩টি বুথে ৪৩টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। এ ছাড়া বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। তাঁরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র খুঁজবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থী সমাগমের আশা করছেন আয়োজকেরা। অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করা যাবে। ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। প্রদর্শনীর পাশাপাশি তিন দিনে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারীর নেতৃত্ব, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এসব সেমিনারে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এবারের প্রদর্শনীতে প্রথমবারের মতো খাতভিত্তিক বিশেষ জোন রাখা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, শিক্ষা ও উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এসব জোনে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি স্টার্টআপগুলোর উদ্ভাবন তুলে ধরা এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে থাকবে বিশেষ স্টার্টআপ জোন। প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যও তুলে ধরা হবে। নকশিকাঁথা ও জামদানিসহ দেশের স্বীকৃত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য প্রদর্শন করা হবে। এ ছাড়া কার্নিভাল জোনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। একটি হেরিটেজ কর্নারে ইউএস ট্রেড শোর ৩০ বছরের যাত্রা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এর ভূমিকা তুলে ধরা হবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে অ্যামচ্যামের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিও উদ্যাপন করা হবে। সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পল ফ্রস্ট, অ্যামচ্যামের সহসভাপতি আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: