ডিএসইর মূলধন বাড়ল ৩৪৩০ কোটি টাকা প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পার হলো আরও একটি সপ্তাহ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকার বেশি। তবে সূচক বাড়লেও ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা বা শূন্য দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪০.৯৮ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ। এ ছাড়া ডিএসইর শরয়াহ সূচক ডিএসইএস ৭০.২১ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ এবং ডিএস-৩০ সূচক ৩৫.৮২ পয়েন্ট বা ৩.২১ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬ হাজার ৪৩৮ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে মোট লেনদেন কমেছে ১৮ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিদায়ী সপ্তাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫,৩৫৪ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স সূচক ০.৭৪ শতাংশ বেড়ে ৯,৩৮৯ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসআই বা শরয়াহ সূচক ২.২২ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৩৪ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ারের দাম। SHARES অর্থনীতি বিষয়: