দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন আজ প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’ নির্মাণ কাজ মেয়াদপূর্তির দুই মাস আগেই শেষ হয়েছে । ইউরিয়া সার কারখানাটির উদ্বোধন করতে আজ রোববার নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর দলীয় সভাপতির এই সফর ঘিরে উৎসবের আমেজ নেতা-কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিকটন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে। রোববার সকালে কারখানা উদ্বোধনের পর সরকার প্রধান যোগ দেবেন সুধী সমাবেশে। পরে যোগ দেবেন স্থানীয় মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের জনসভায়। মাঠের ধারণ ক্ষমতা ৫০ হাজার হলেও জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের আশা দলটির নেতাদের। নরসিংদী আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন বলেন, ‘সমাবেশে এ মাঠের ধারণক্ষমতার বেশি জনসমাগম হবে বলে আমরা আশা করছি।’ এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পলাশ ও নরসিংদী শহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। আমাদের সঙ্গে ১১০ জন র্যাব সদস্য থাকবেন। তাঁরাও সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।’ নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনামাফিক সমন্বিতভাবে কাজ করবে। সবশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। SHARES অর্থনীতি বিষয়: