রিহ্যাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নতুন কমিটির সভাপতি পদে মো. আলী আফজাল এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। ১৮ এপ্রিল শনিবার রিহ্যাবের ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রকাশিত ভোটের প্রাথমিক ফল অনুসারে প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের মো. ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট অন্যদিকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভূঁইয়া পেয়েছেন ২১৪ ভোট। সহ-সভাপতি ১, ২ ও ৩ পদে জয়ী হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মো. বরকতুল্লাহ ও এ এফ এম ওবায়েদুল্লাহ। সহ-সভাপতি (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ এবং সহ-সভাপতি (চট্টগ্রাম) হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান। এবারের নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৩৩৮ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মো. লাবিব বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট; ক্রমানুসারে তারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, চতুর্থ-দশম স্থান পর্যন্ত রয়েছেন এ জেড এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, এন জোহা এবং মো. ফারুক আহমদ। ১১-২০তম স্থান পর্যন্ত নির্বাচিত পরিচালকরা হলেন- তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসাইন, মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, মনজুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন সভাপতি প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে গণনা শুরু হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: