স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে ৫০০ কোটি টাকার একটি তহবিল রাখা হয়েছে। উদ্যোক্তারা যাতে ব্যাংকের জামানত ও কাগজপত্রের জটিলতায় না পড়েন, সে জন্য অর্থায়নের বিষয়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।’ তিনি বলেন, অনেক উদ্যোক্তাকে ঋণ নিতে গিয়ে ব্যাংকের নানা ভোগান্তি, জামানত ও কাগজপত্রের জটিলতার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা এড়াতে অর্থায়নের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। তারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবেন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যেসব তরুণ উদ্যোক্তার ভালো স্টার্টআপ ধারণা রয়েছে কিন্তু ব্যাংকে জমা রাখার মতো সম্পদ বা জামানত নেই, তাদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটি উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্টার্টআপে যে অর্থায়ন করা হবে, তা জনগণের অর্থ। তাই প্রকল্পের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হবে। কোনো উদ্যোগ শুরুতেই সফল না হলেও যদি সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয় দফায়ও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার-২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়ক হবে। অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা সম্পর্কে এক জায়গা থেকেই তথ্য পাওয়া যাবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: