আইডিআরএ’র স্টাফ সভা অনুষ্ঠিত: সুশাসন ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর স্টাফ সভা রবিবার (২১ জুন)  কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

সভায় আইডিআরএর বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, অর্জন ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। পরে আইডিআরএর সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে অভ্যন্তরীণ সমন্বয় বৃদ্ধি এবং বীমা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।