ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ ছাড় করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যাংক সূত্রে জানা যায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটির ওপর তারল্যের চাপ বেড়ে যায়। এ পরিস্থিতিতে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে তারা। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে বলেও জানান তিনি। SHARES অর্থনীতি বিষয়: