নন-লাইফ বীমায় এজেন্ট কমিশন শূন্য বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নের অগ্রগতি তদারকির লক্ষ্যে গঠিত ভিজিলেন্স টিমের অভিযোগ শুনানি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ শুনানি কমিটির কনভেনার বেলাল আহমেদ সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ বাস্তবায়নে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অনুযায়ী বিআইএ একটি ১১ সদস্যবিশিষ্ট এবং আইডিআরএ একটি ৭ সদস্যবিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করেছে।

উভয় টিমই সমন্বিতভাবে কমিশন নীতিমালা বাস্তবায়ন ও তদারকির কাজ করছে। পাশাপাশি আইডিআরএ-এর ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) থেকে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সভায় মোট সাতটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে জানানো হয়, কমিশন শূন্য শতাংশ বাস্তবায়ন কার্যক্রম স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ করে এগিয়ে নেওয়া হচ্ছে।