সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাবেক সহসাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। ইব্রাহিম হোসাইন রেজোয়ান বর্তমানে আগামীর সময়ে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সোমবার (২৪ আগস্ট) সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। গত ১১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সিএমজেএফ।

সংগঠনটির ভাষ্য, ওই প্রতিবেদনে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাসোসিয়েটেড অক্সিজেন নিয়ে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ধরা হয়। এতে প্লেসমেন্ট বাণিজ্য ও প্রসপেক্টাসে জাল স্বাক্ষরের মতো অভিযোগের বিষয়ও উল্লেখ করা হয়েছিল।

সিএমজেএফের বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই কমিটি ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এ পরিস্থিতিতে মামলাটিকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ বলে দাবি করেছে সিএমজেএফ।

সংগঠনটির মতে, এ ধরনের মামলা সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা।

সিএমজেএফ বলেছে, কোনো সংবাদে তথ্যগত ভুল বা অসঙ্গতি থাকলে প্রতিবাদলিপি দেওয়া, সংশোধনী দাবি করা কিংবা প্রেস কাউন্সিলের মতো নির্ধারিত আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ করার সুযোগ রয়েছে। এর পরিবর্তে সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করা এবং গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা সাংবাদিক ও তার পরিবারকে হয়রানি এবং ভীতি প্রদর্শনের শামিল। তাই ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে করা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সিএমজেএফ বলেছে, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজারের অন্যতম শর্ত। সংগঠনটি তার সদস্যদের পাশে থাকবে এবং সাংবাদিকদের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।