হিসাব স্থগিত হলে সংশ্লিষ্ট হিসাবের তথ্যও দিতে হবে বিএফআইইউকে প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : কোনো ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হলে শুধু ওই হিসাবের তথ্য নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাতে হবে। একই সঙ্গে স্থগিত হওয়া হিসাবের সর্বশেষ স্থিতিও জানাতে হবে। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে লেনদেনের ওপর নজরদারি জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দিয়েছে বিএফআইইউ। গতকাল বুধবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে দ্রুত ওই হিসাবের স্থিতি এবং হিসাবটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য বিএফআইইউকে জানাতে হবে। অর্থাৎ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি হিসাব স্থগিত করা হলে একই ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে থাকা সংশ্লিষ্ট হিসাবগুলোও শনাক্ত করে তার তথ্য দিতে হবে। বিএফআইইউর এ নির্দেশনার ফলে সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব শনাক্ত ও পর্যবেক্ষণ করা সহজ হবে। পাশাপাশি এসব হিসাবে থাকা অর্থের গতিপথ অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগও বাড়বে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: