দিনাজপুরে এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যুদাবীর চেক হস্তান্তর

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর দিনাজপুর বিভাগীয় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা, মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, (০৪ আগস্ট) দিনাজপুরের ফ্যামিলি প্ল্যানিং অডিটোরিয়ামে সফলভাবে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহ্ জামাল হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুত ও নির্ভুলভাবে বীমা গ্রাহকদের পাওনা পরিশোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকেই গ্রাহকসেবার মান উন্নত করতে এবং দ্রুত দাবী নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের পথচলার মূল চালিকাশক্তি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, এনআরবি অ্যাডভান্সড ডিভিশনের প্রজেক্ট ইনচার্জ জনাব মো. মাহমুদুল ইসলাম এবং বগুড়া বিভাগীয় অফিসের এসইভিপি ও ইনচার্জ জনাব মো: হাফিজুল ইসলাম তালুকদার। বক্তারা বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, শরীয়াহ্ সম্মত বীমা ব্যবস্থা এবং আধুনিক ও ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকসেবাকে আরও গতিশীল করার বিষয়ে আলোকপাত করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের দিনাজপুর বিভাগীয় অফিসের এসএম ও ইনচার্জ জনাব আনোয়ার হোসেন। তিনি উপস্থিত কর্মী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিনাজপুর অঞ্চলে কোম্পানির সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসায়িক প্রসারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল মরহুম বীমা গ্রাহকদের নমিনিদের হাতে মৃত্যুদাবীর অর্থ হস্তান্তর। প্রধান অতিথি জনাব মো: শাহ্ জামাল হাওলাদার মরহুমা মর্তুজা বেগমের নমিনি ও তাঁর মেয়ে মোসা: শামীমা আক্তারের হাতে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার মৃত্যুদাবীর চেক তুলে দেন। একই সাথে অপর বীমা গ্রাহক মরহুমা মারুফা বেগমের নমিনি ও তাঁর স্বামী মো: সুলতানের হাতে ৫০,৩৮৫ (পঞ্চাশ হাজার তিনশত পঁচাশি) টাকার মৃত্যুদাবীর চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আকস্মিক স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সময়মতো বীমা দাবী পরিশোধের এই পদক্ষেপ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের শেষ পর্বে, বিগত মাসে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় বিজয়ী কর্মী ও কর্মকর্তাদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। কর্মীবাহিনীর কাজের স্বীকৃতি এবং তাদের অনুপ্রেরণা যোগাতে প্রধান অতিথি বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দারুণ উদ্দীপনা ও কাজের প্রতি নতুন উদ্যম লক্ষ্য করা যায়। স্থানীয় ফিল্ড অফিসার, সাধারণ বীমা গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে।