দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা তখনকার হিসাবে প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে পরিশোধ করা অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি ছিল ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।

এ সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন ঋণের প্রতিশ্রুতি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে। অন্যদিকে, একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে।