বছরে পৌনে ২ কোটি ব্যয় বাড়িয়ে কার্যালয় সরাতে চায় আইডিআরএ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • দিলকুশায় প্রতি বর্গফুট ৭৮–৮০ টাকা
  • আগারগাঁওয়ে ১৩০ টাকা (ভ্যাট ছাড়া)
  • অফিস ভাড়া বাড়ছে ৮১.৭%
  • পরিচালন ব্যয় বাড়বে বছরে ১ কোটি ৭৫ লাখ টাকা
  • ৩২ হাজার বর্গফুটের প্রস্তাবের দুই দিন পর ৫০ হাজার বর্গফুট খুঁজতে কমিটি

দিলকুশা থেকে আগারগাঁওয়ে কার্যালয় সরানোর উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে সংস্থাটির মোট বার্ষিক অফিস পরিচালন ব্যয় বাড়বে ১ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা বা ২৯ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে শুধু ফ্লোর ভাড়াই বাড়বে বছরে ২ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকা বা ৮১ দশমিক ৭ শতাংশ। তবে ৩২ হাজার বর্গফুটের নতুন কার্যালয়ের জন্য সরকারের অনাপত্তি চাওয়ার মাত্র দুই দিন পরই প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা খুঁজতে নতুন কমিটি করেছে আইডিআরএ। গত ২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে আগারগাঁওয়ে কার্যালয় স্থানান্তরে অনাপত্তি চেয়ে চিঠি দেওয়া হয়। এর দুই দিন পর ২২ সেপ্টেম্বর ঢাকার সুবিধাজনক স্থানে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা শনাক্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

আইডিআরএর নথি অনুযায়ী, দিলকুশার এসবিসি টাওয়ারে বর্তমানে সংস্থাটির কার্যালয়ের আয়তন ২৯ হাজার ৮৭৬ বর্গফুট। প্রতি বর্গফুটে মাসে ৭৮ থেকে ৮০ টাকা ভাড়ায় বছরে মূল ফ্লোর ভাড়া বাবদ ব্যয় হয় ৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৯৬০ টাকা। আগারগাঁওয়ের আইডিবি ভবনের ১১, ১৫, ১৬ ও ১৭ তলা এবং নিচতলার একটি অংশে প্রায় ৩২ হাজার বর্গফুট কার্যালয় নেওয়ার প্রস্তাব করা হয়েছে। নথিতে আয়তন ৩১ হাজার ৯৮৯ বর্গফুট। সেখানে প্রতি বর্গফুটে মাসে ভাড়া দিতে হবে ১৩০ টাকা। এতে বছরে মূল ফ্লোর ভাড়া দাঁড়াবে ৫ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ শুধু ফ্লোর ভাড়া বাবদ বছরে বাড়তি দিতে হবে ২ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪০ টাকা। প্রতি বর্গফুটে মাসিক ভাড়া বাড়ছে ৫০ থেকে ৫২ টাকা।

তবে বাড়তি ২ কোটি ৬১ লাখ টাকাই আইডিআরএর প্রকৃত অতিরিক্ত পরিচালন ব্যয় নয়। কারণ নতুন ভাড়ার মধ্যে ২০টি গাড়ির পার্কিং, পানি ও পয়োনিষ্কাশন, নিরাপত্তা, কেন্দ্রীয় এসি রক্ষণাবেক্ষণ ও জেনারেটরের খরচ অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে দিলকুশায় এসব সেবার জন্য আলাদাভাবে বছরে ৮৫ লাখ ৬৯ হাজার ৯৪৪ টাকা দিতে হয়। সব খরচ সমন্বয়ের পর আইডিআরএর বার্ষিক অফিস পরিচালন ব্যয় ৫ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯০৪ টাকা থেকে বেড়ে ৭ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা হবে। অর্থাৎ বছরে বাড়তি ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার ৯৬ টাকা বা ২৯ দশমিক ৫ শতাংশ। দুই জায়গাতেই বিদ্যুৎ বিল বছরে প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা অপরিবর্তিত থাকবে। দিলকুশায় থাকা ডিজাস্টার সেন্টারের (ডিআর) বার্ষিক ভাড়াও ৩২ লাখ ৭৬ হাজার টাকা বহাল থাকবে।

আইডিবি ভবনে সাধারণ বাণিজ্যিক ভাড়া প্রতি বর্গফুটে ২৫০ টাকা। গত ১৮ আগস্ট ইসলামী উন্নয়ন ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফের (IsDB-BISEW) (আইডিবি ভবন পরিচালনাকারী) জ্যেষ্ঠ প্রোগ্রাম সমন্বয়কারী জাহিদ-আল-মাহাদী আইডিআরএ চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিশেষ হারে ভ্যাট ছাড়া প্রতি বর্গফুটে ১৫১ টাকা ভাড়ার প্রস্তাব দেন। এরপর ৭ সেপ্টেম্বর আইডিআরএর নির্বাহী পরিচালক (প্রশাসন) মনিরা বেগম প্রতি বর্গফুটে ১১৮ টাকা অল-ইন ভাড়ার পাল্টা প্রস্তাব দেন। এতে মূল ভাড়া ৭৫ টাকা এবং ইউটিলিটি ও সেবা বাবদ ৪৩ টাকা ধরা হয়। ২০টি গাড়ির পার্কিং, জেনারেটর, নিরাপত্তা ও সেন্ট্রাল এসি রক্ষণাবেক্ষণের পাশাপাশি তিন বছরের চুক্তি এবং পরবর্তী ১০ বছর ভাড়া অপরিবর্তিত রাখার শর্তও দেওয়া হয়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর IsDB-BISEW-এর জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা রেশমা সুলতানার সই করা চিঠিতে প্রতি বর্গফুটে মাসিক ১৩০ টাকা অল-ইন ভাড়া, ভ্যাট ছাড়া, চূড়ান্ত প্রস্তাব হিসেবে দেওয়া হয়।

মতিঝিল এলাকায় হওয়ায় আগারগাঁওয়ে স্থানান্তরে তাদের বিড়ম্বনার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে কি না জানতে চাইলে সাদিক আরমান বলেন, আইডিআরএ বীমাখাতের উন্নয়ন এবং অংশীজনদের কার্যক্রম স্বচ্ছ ও সহজ করতে বদ্ধপরিকর।

নতুন কার্যালয়ের সংস্কার ও স্থানান্তরে সম্ভাব্য ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই এ নিয়ে কাজও শুরু হয়নি। প্রধান কার্যালয় আগারগাঁওয়ে স্থানান্তর হলেও ডিআর সেন্টার দিলকুশায় থাকলে প্রশাসনিক অসুবিধা হবে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।