শিক্ষাগত যোগ্যতা ‘থার্ড ক্লাস’ থাকায় স্বদেশ লাইফের সিইও পদে সাজিদের নিয়োগ নামঞ্জুর প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : শিক্ষাগত যোগ্যতার নির্ধারিত শর্ত পূরণ না করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাজিদ হোসেনের নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও তার নিয়োগের প্রস্তাব পাঠানোর কারণ জানতে চেয়ে কোম্পানিটির চেয়ারম্যানের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি দুটির স্মারক নম্বর যথাক্রমে ৮২ ও ৮৩। আইডিআরএর চিঠিতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ তাদের সিইও হিসেবে মো. সাজিদ হোসেনের নিয়োগ অনুমোদনের জন্য আবেদন করেছিল। আবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পর্যায়ে তৃতীয় শ্রেণির (থার্ড ক্লাস)। ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২ (সংশোধিতসহ)’ অনুযায়ী এ ধরনের শিক্ষাগত যোগ্যতা সিইও পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়। আইডিআরএর ২০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না হওয়ায় সাজিদ হোসেনের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে প্রবিধানমালা অনুযায়ী যোগ্য একজন প্রার্থীকে সিইও পদে নিয়োগের জন্য দ্রুত আবেদন করতে কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা হয়, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কেন সাজিদ হোসেনের নিয়োগের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এ জন্য কোম্পানিটির চেয়ারম্যানকে পাঁচ কার্যদিবসের মধ্যে আইডিআরের কাছে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ জুন সাজিদ হোসেনকে সিইও পদে নিয়োগের অনুমোদন চেয়ে আইডিআরে আবেদন করা হয়েছিল। আবেদনটি পর্যালোচনার পর তার শিক্ষাগত যোগ্যতা বিধিমালার শর্ত পূরণ না করায় নিয়োগ প্রস্তাবটি নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: