সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল ও এমডি আবেদুর রহমান

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার|

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (৮ জুন) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে|

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে| তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে|

নিয়োগপ্রাপ্ত দুজনই দীর্ঘদিন বেসরকারি ব্যাংক ও আর্থিক খাতে কাজ করেছেন| চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান এর আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন|

অন্যদিকে, নতুন এমডি আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ&-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত রয়েছেন|

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে|

ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে| এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে দিয়েছে| বাকি ১৫ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে|