সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬ বিশেষ প্রতিনিধি : সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন বীমা পলিসি ইস্যু ও প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি ৯৮ লাখ টাকা। দাবি পরিশোধে সন্তোষজনক অগ্রগতি না থাকা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পালন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ১৮ নভেম্বর আইডিআরএ’র রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে জারি করা এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন শাখাটির পরিচালক দেবপ্রসাদ পাল। এতে বলা হয়েছে, ২০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোম্পানিটি কোনো নতুন লাইফ বীমা পলিসি ইস্যু করতে পারবে না। একই সঙ্গে নতুন পলিসির বিপরীতে প্রথম বর্ষের প্রিমিয়ামও সংগ্রহ করতে পারবে না। আইডিআরএ’র চিঠিতে বলা হয়েছে, গত ৫ জুলাই কোম্পানিটির সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ সভা করে কর্তৃপক্ষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ব্যয় কমানোর বিষয়ে কোম্পানির কাছে কর্মপরিকল্পনা চাওয়া হয়। তবে কোম্পানির জমা দেয়া কর্মপরিকল্পনায় সন্তুষ্ট হয়নি আইডিআরএ। এ ছাড়া গত ১১ আগস্ট আইডিআরএ’র পাঠানো কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব দেয়নি কোম্পানিটি। কোম্পানির প্রস্তাবিত ও চলমান জমি বিক্রির কার্যক্রম এবং বীমা দাবি পরিশোধের বিষয় তদারকির জন্য গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় আইডিআরএ। প্রতিষ্ঠানটি ৪ অক্টোবর কোম্পানির কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি। যোগাযোগ করেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলে আইডিআরএ’র নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, কোম্পানির আর্থিক সক্ষমতা, অনিষ্পন্ন দাবি নিষ্পত্তি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পালনে সন্তোষজনক অগ্রগতি না আসা পর্যন্ত নতুন পলিসি ইস্যু অব্যাহত রাখলে কোম্পানির দায় ও আর্থিক চাপ আরও বাড়তে পারে। এসব বিষয় বিবেচনায় বীমা আইন, ২০১০-এর ধারা ৫০(১)(ঙ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং বিদ্যমান পলিসিগ্রাহকদের স্বার্থ রক্ষায় নতুন ব্যবসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আইডিআরএ। তবে বিদ্যমান পলিসির কার্যক্রম যথারীতি চালু রাখতে হবে। কোম্পানিটিকে দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পাশাপাশি পলিসির অধীনে সব দায়দায়িত্ব পালন এবং বীমা দাবি পরিশোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা যথাযথভাবে পালন না করলে বীমা আইন, ২০১০ অনুযায়ী কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে আইডিআরএ। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: