আইডিআরএর নতুন সদস্য সিরাজুল ইসলাম প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ Untitled design – 1 আহসান উল্লাহ খান, নিজস্ব প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ব্যাংকে ৩২ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নির্বাহী পরিচালক (ইডি) ও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ব্যাংকের নীতি, আর্থিক খাত, ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে অবসর গ্রহণের পরও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী দায়িত্বে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত ছিলেন। ফলে আর্থিক খাতের প্রশাসন, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা আইডিআরএর নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মো. সিরাজুল ইসলাম ১৯৬৩ সালের ৫ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রাতিষ্ঠানিক ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, বেলজিয়াম ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ সফর করেছেন। আর্থিক ও প্রশাসনিক খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা হিসেবে তাঁর আইডিআরএতে যোগদান বীমা খাতের নীতি, প্রশাসন ও নিয়ন্ত্রক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন দায়িত্বে সিরাজুল ইসলাম বীমা খাতের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক কাঠামো আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: