আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হকের পদত্যাগ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক পদত্যাগ করেছেন। বুধবার (১২ আগস্ট) তিনি তাঁর পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক ২০২৪ সালের ডিসেম্বরে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।আইডিআরএর প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মো. ফজলুল হক চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব সামলান।

এ সময়ে আইডিআরএর নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বীমা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি।

তাঁর পদত্যাগের ফলে চার সদস্যের আইডিআরএতে সদস্য (প্রশাসন) পদটি শূন্য হয়েছে। তবে শূন্য পদটি দীর্ঘদিন খালি থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খুব শিগগিরই এ পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফজলুল হকের পদত্যাগের পর আইডিআরএর প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের শূন্যতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কী কারণে মো. ফজলুল হক পদত্যাগ করেছেন, তাৎক্ষণিকভাবে তাঁর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।