ডিএসইর বাজার মূলধন বাড়ল ২,৭৮১ কোটি টাকা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই মূল্য সূচক বেড়েছে। একই সময়ে দাম বাড়ার তালিকায় ছিল বেশি প্রতিষ্ঠান। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির। আর ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা। এর আগে আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ৩ হাজার ৯৬৩ কোটি টাকা। ফলে দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে মোট ৬ হাজার ৭৪৪ কোটি টাকা।

তবে বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩৪ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।

অন্য সূচকগুলোর মধ্যে ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১২ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২৫ দশমিক ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। পাঁচ কার্যদিবসে প্রতিদিন গড়ে ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯২ লাখ টাকা বা ১১ দশমিক ৫০ শতাংশ।

টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৮ শতাংশ।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল মালেক স্পিনিং। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আর প্রতিদিন গড়ে ২৫ কোটি টাকার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—একমি পেস্টিসাইড, ডমিনেজ স্টিল বিল্ডিং, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, ফারইস্ট নিটিং, এসিআই ফরমুলেশন ও বেক্সিমকো।