দেশের বাজারে আরও কমেছে সোনার দাম প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক বাজারের পর এবার দেশের বাজারে কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। ফলে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। এর আগে সবশেষ গত ২২ জুন সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দর নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়। এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দর ৪০৯ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। SHARES অর্থনীতি বিষয়: