ন্যাশনাল লাইফ ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।

কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানিটির ম্যানেজার্স কনফারেন্সে গ্রাহকদের এসব বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেল লং বিচে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ।

এ ছাড়া কোম্পানির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, বিলকিস নাহার, রাজিয়া সুলতানা, মাহমুদ হাবীব জামান ও শাহীনুর মিনহাজ চৌধুরীসহ কোম্পানির ডিএমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করে আসছে।’ গ্রাহকদের আস্থা ধরে রাখতে সময়মতো দাবি পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গেস্ট অব অনারের বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বীমা খাতের আরও বিকাশের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকদের কাছে দ্রুত বীমা দাবির অর্থ পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানের বীমা দাবি পরিশোধে বিলম্বের কারণে বীমা খাতে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ খাতে গ্রাহকদের আস্থা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

কনফারেন্সে ন্যাশনাল লাইফের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা, দাবি পরিশোধ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।