বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী-খাল-বিলে মাছের উৎপাদন বাড়লে এর সুফল বাংলাদেশের মানুষই পাবে। দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

খাল খনন কর্মসূচির প্রসঙ্গে তারেক রহমান বলেন, সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এতে কৃষকেরা সেচ সুবিধা পাবেন। পাশাপাশি এসব জলাশয় মাছের উৎপাদন বাড়াতেও কাজে লাগাতে হবে।

তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এর পানি যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষিতে সেচ সুবিধার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে নদী-খালকে কাজে লাগানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে একদিকে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে মানুষের খাদ্যচাহিদা পূরণে সহায়তা করবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে না তুললে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।