ব্যবসায়ীদের প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধের যে সুবিধা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ব্যবসায়ীদের আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ-সংক্রান্ত খসড়া সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। খসড়া সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বর্তমান বিধান বাতিল হচ্ছে। এর পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। তবে রিটার্ন দাখিলের নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে। এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: