মিউচুয়াল ফান্ডে কাস্টডিয়ান সেবা আধুনিকায়নে সিডিবিএলকে সফটওয়্যার তৈরির নির্দেশ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : দেশের মিউচুয়াল ফান্ড খাতে কাস্টডিয়ান সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সমন্বিত সফটওয়্যার (ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম) তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়নের অগ্রগতি প্রতি দুই সপ্তাহ পরপর কমিশনে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের মিউচুয়াল ফান্ড ও সিআইএসএস বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এটি সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী কাস্টডিয়ান সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বিত সফটওয়্যার দ্রুত উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ মার্চ বিএসইসি ও সিডিবিএলের প্রতিনিধিদের বৈঠকে মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান সেবা আরও কার্যকর ও দ্রুত করার বিষয়ে আলোচনা হয়। সেখানে কমিশনার (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ) কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় একটি সমন্বিত সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এতে আরও বলা হয়েছে, সফটওয়্যার তৈরির সময় অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, কাস্টডিয়ান, স্টক ব্রোকারসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে। তাদের পরামর্শ সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে মিউচুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, লেনদেন নিষ্পত্তি, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় আরও সহজ হবে। এতে কাস্টডিয়ান সেবার দক্ষতা বাড়বে, পরিচালন ঝুঁকি কমবে এবং নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালার বাস্তবায়নও সহজ হবে।

বর্তমানে দেশের পুঁজিবাজারের একমাত্র কেন্দ্রীয় ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার সিডিবিএল কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিএসইসির কাছে আবেদন করেছে। নতুন আয়ের উৎস তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সিডিবিএল।

তবে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত কয়েকটি শর্ত এখনো পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এসব ঘাটতি দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে বিএসইসি। অন্যথায় সিডিবিএলের নিবন্ধন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে।